চিকিৎসক-নার্স না থাকায় ক্লিনিকের কার্যক্রম বন্ধ, জরিমানা ৪০ হাজার

রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে অব্যবস্থাপনার কারণে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক ও নার্স না থাকায় একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিমের নেতৃত্বে পুঠিয়া উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ফাতেমা ক্লিনিক এবং নিরাময় ক্লিনিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রিজিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কোনো চিকিৎসক ও নার্স না পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সেখানে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ এবং চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলসহ স্বাস্থ্যসেবার মৌলিক শর্তসমূহ পূরণ করা হচ্ছে কি না—তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতেই এসব অভিযান চালানো হচ্ছে।
অভিযানে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, অনুমোদনহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবার নামে কোনো প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


