তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি।
তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ ও জনগণের দীর্ঘদিনের দাবি সমন্বয় করার জন্য কাজ করছি। নদীর তীর রক্ষা বাঁধের কাজ চলছে। কাজের ধরন ও মান কেমন, কীভাবে ৬২ কিলোমিটার নদীর পাড়ে বাঁধ নির্মাণে হবে, পানিসম্পদ মন্ত্রণালয়ের নজর থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজগুলো সম্পন্ন করব।
শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিগত সময়ে যারা ছিলেন, এরা দেশের অর্থ কীভাবে লুটপাট ও টাকা পাচার করেছে এটা আমরা দেশবাসী জানি, তা তদন্তাধীন। লাখ লাখ কোটি টাকার প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে। চলমান কাজগুলো খুব দ্রুত শেষ করা দরকার। বর্তমান দেশপ্রেমিক সরকার সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রেখে কাজগুলো যেন সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর থাকবে। কাজগুলো ঠিকমতো হচ্ছে কি না সেদিকে সবসময় সজাগ থাকব।
এ সময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।