প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে সাঁতার কাটছেন: গণপূর্তমন্ত্রী

বর্তমান সরকার একটি ‘ভঙ্গুর অর্থনীতি ও ভঙ্গুর সিস্টেম’ পেয়েছে উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
গণপূর্তমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে কাটিয়ে উঠতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের মেয়াদকালে দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।
তিনি বলেন, যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, প্রতিবারই বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময় বিএনপি সরকার দেশকে রক্ষা করেছে। বর্তমান সরকারও বিদ্যমান সংকটগুলো কাটিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করছে।
জাকারিয়া তাহের সুমন আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সংকট মোকাবিলা করে আগামী দুই থেকে চার বছরের মধ্যে দেশকে দুর্যোগ ও সংকটের পরিস্থিতি থেকে বের করে আনা সম্ভব হবে।
সভায় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।


