logo

বগুড়ায় অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক অটোচালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোজাম উদ্দিন শাহ (৫৫) উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহের ছেলে। 

পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার ব্যবহৃত ভ্যানটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

মোজাম উদ্দিনের ভাই হাফিজার রহমান বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে মোজাম উদ্দিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সাধারণত ভোররাতে তিনি বাড়ি ফিরতেন। কিন্তু বুধবার সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় তার মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেতের ভেতর তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।