logo
Advertisement

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন আ.লীগের নেতাকর্মীরা

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন আ.লীগের নেতাকর্মীরা
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে যুবলীগ নেতাকে। ছবি: ভিডিও থেকে নেওয়া

পাবনার বেড়া মডেল থানার সামনে পুলিশের কাছ থেকে মো. সোহেল রানা নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Advertisement

শনিবার (৮ আগস্ট) দুপুরে থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও উপপরিদর্শক (এসআই) রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যান। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে জানা গেছে।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। স্থানীয় বেশ কয়েকজন পুলিশের কাজে বাধা দেন।

তিনি আরও বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।