logo

দোকান থেকে ডেকে নিয়ে হত্যা, ১৯ বছর পর দুই জনের যাবজ্জীবন

দোকান থেকে ডেকে নিয়ে হত্যা, ১৯ বছর পর দুই জনের যাবজ্জীবন
ভোলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: এশিয়া পোস্ট

ভোলায় কিশোর রেদোয়ান রাসেল হত্যা মামলায় সুজন ও মো. ইলিয়াছ নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ শরীফ এ. এম. রেজা জাকের এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকার সুজন ও মো. ইলিয়াছ।

মামলার নথি, আদালত সূত্র ও রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, ২০০৭ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রেদোয়ান রাসেল তার বাবার হাওলাদার বাজারের মুদি দোকানে অবস্থান করছিল। এ সময় প্রতিবেশী সুজন তাকে দোকান থেকে ডেকে নিয়ে যান। এরপর রেদোয়ান আর বাড়িতে ফেরেনি।

পরদিন পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এ সময় সুজনের কাছে রেদোয়ানের বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি কিছু জানেন না বলে জানান। পরে ৩০ ডিসেম্বর দক্ষিণ চরপাতা দারোগার খালের পাশে সিদ্দিক মালের বাড়ির সামনে রেদোয়ান রাসেলের মরদেহ পাওয়া যায়। মামলার এজাহারে মরদেহের মুখ ও গলায় আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়।

এ ঘটনায় নিহত রেদোয়ানের বাবা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সুজন ও মো. ইলিয়াছকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে মামলাটি সেশন মামলা নং-৩১/২০০৯ হিসেবে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন হয়। ২০০৯ সালের ২৩ জুন আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং প্রত্যেককে অর্থদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার মধ্য দিয়ে প্রায় ১৯ বছর আগে সংঘটিত এ হত্যা মামলার বিচারিক কার্যক্রমের সমাপ্তি হলো।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. তৈয়ব এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন আব্দুল্লাহ আল ইসলাম ফাহাদ।