logo

যদি হুকুম দিতাম, মাটির সঙ্গে মিশিয়ে দিত : নুরুল হক নুর

যদি হুকুম দিতাম, মাটির সঙ্গে মিশিয়ে দিত : নুরুল হক নুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির জোট শরিক দল গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী ভিপি নুরুল হক নুরের সমর্থনে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, যদি হুকুম দিতাম, মাটির সঙ্গে মিশিয়ে দিত। আমি বারবার বলেছি— আমাদের নেতাকর্মীরা ধৈর্য ধরুন। মাঠ আমাদের, জনগণ আমাদের সঙ্গে আছে। তারা পাগলামি করে মানুষের মধ্যে ভয়ভীতি ছড়াতে চায়। কিন্তু আমরা তাদের ফাঁদে পা দেব না। আমরা বিজয়ী হব।

এ সময় তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সাবেক সহসভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা, সাবেক সহসভাপতি ডা. গোলাম মোস্তফা এবং দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেনসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া আলিপুরা ইউনিয়নসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশ নেন। হাজারো মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সভাটি শেষ হয়।