logo

ধান কাটার সময় চাল-পানি খেয়ে আট শ্রমিক অসুস্থ

ধান কাটার সময় চাল-পানি খেয়ে আট শ্রমিক অসুস্থ

নাটোরের সিংড়ায় ধান কাটার সময় চাল-পানি খেয়ে আট শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চলনবিল এলাকায় ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দুপুরের বিরতিতে জমির মালিকের দেওয়া চাল ও পানি পান করেন। এর কিছুক্ষণ পরই একে একে অসুস্থ হয়ে পড়েন আট শ্রমিক। তাদের মধ্যে বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা দিলে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অসুস্থ শ্রমিকরা হলেন, মো. আনোয়ার, মো. আজাদ, মো. রমিজুল, মো. ইয়াসিন, মো. ইউসুফ, মো. হাসেম, মো. মনির ও আবু বক্কর ছিদ্দিক। তাদের সকলের বাড়ি গাড়াবাড়ি গ্রামে।

শ্রমিক আবু বক্কর সিদ্দিক বলেন, ধান কাটার সময় পিপাসা লাগলে মালিকের বাড়ি থেকে চাল আর পানি খেতে দেয়। খাওয়ার কিছুক্ষণ পরই আমরা অসুস্থ হয়ে পড়ি। পরে আমাদের হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে অসুস্থ শ্রমিকরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জমির মালিক আব্বাস আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি, তাকে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে মনে হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে, অধিকাংশই এখন শঙ্কামুক্ত।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খাবারে কীভাবে বিষাক্ত পদার্থ মিশল, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।