logo

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮
নোয়াখালীর সুধারাম মডেল থানার প্রধান ফটক। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬৮ জনকে আটক করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় বুধবার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। অন্য ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশের তথ্যমতে, সুধারাম মডেল থানায় ১১ জন, কোম্পানীগঞ্জ থানায় ২১ জন, বেগমগঞ্জ মডেল থানায় পাঁচজন, চরজব্বর থানায় ছয়জন, চাটখিল থানায় আটজন এবং কবিরহাট থানায় ছয়জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া সোনাইমুড়ী থানায় ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।