নদীর পাড়ে শপিং ব্যাগে মিলল ৮ ককটেল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় পুনর্ভবা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেল উদ্ধার করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহন্ত শ্রীর ঘাট (বাজার ঘাট) এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ওই ঘাটে ককটেল পড়ে থাকার সংবাদ পায় পুলিশ। সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। ঘাটের পাশের জঙ্গল থেকে দুটি শপিং ব্যাগ উদ্ধার করলে দেখা যায়, একটিতে ধানের কুঁড়া এবং অন্যটিতে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো আটটি ককটেল সদৃশ বস্তু রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এশিয়া পোস্টকে বলেন, রহনপুর পৌরসভার বাজার ঘাটে নদীর পাড়ে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্লাস্টিক ব্যাগে আটটি ককটেল সদৃশ বস্তু এবং অন্য একটি ব্যাগে কিছু ধানের কুড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বস্তুগুলো বর্তমানে নদীর পূর্ব পাশে পুলিশি পাহারায় রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল টিমের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছার পর ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হবে।
এদিকে, জনবহুল বাজার ঘাট এলাকায় ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা এবং কী উদ্দেশে এগুলো এখানে ফেলে গেছে, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।