৯ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস-ট্রাক চলাচল শুরু

সড়কে কল্যাণ ফান্ডের নামে টাকা তোলাকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বন্ধ হয়ে যাওয়া বাস ও ট্রাক চলাচল দীর্ঘ ৯ ঘণ্টা পর পুনরায় শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সব ধরনের দূরপাল্লার ও স্থানীয় পরিবহন চলাচল বন্ধ রাখা হলেও বিকেল থেকে টিকিট কাউন্টারগুলো খুলে পুনরায় গাড়ি চলাচল শুরু হয়। উদ্ভূত সমস্যা সমাধানে রাতে সমঝোতা বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর পয়েন্টে সড়কের ওপর বাস থামিয়ে ‘কল্যাণ ফান্ড’-এর নামে টাকা আদায়কে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান জানান, হরিপুরে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদেই মূলত ভোর থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
তবে দুই শ্রমিক সংগঠনের সমস্যা মিটিয়ে ফেলতে আজ রাত ৯টায় উভয় পক্ষের নেতাদের নিয়ে সমঝোতা বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকটি ইতিবাচক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম চাঁদা তোলার অভিযোগটি নাকচ করে দিয়েছেন।
তার দাবি, এটি কোনো চাঁদা নয়, বরং সংগঠনের নিবন্ধিত নিয়ম অনুযায়ী সার্ভিস চার্জ। অন্য শ্রমিক ইউনিয়নের ডাকা অবরোধ ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় বাস মালিকরা সকালে রাস্তায় গাড়ি নামাননি, যার কারণে সাময়িকভাবে পুরো জেলার যোগাযোগব্যবস্থা থমকে গিয়েছিল।



