নাটোরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসককে মারধর-ভাঙচুর

এশিয়া পোস্ট নিউজ, নাটোর

নাটোরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসককে মারধর-ভাঙচুর
হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

নাটোরে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হামলা, ভাঙচুর ও এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর পৌর শহরের আলাইপুর এলাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্বজনদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, সকাল ৭টার দিকে সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের বাবু হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী রুমি বেগমকে নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। প্রসববেদনা শুরু হওয়ার পর চিকিৎসক জানান, শিশুটি অপ্রাপ্তবয়স্ক এবং গর্ভের ভেতর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পরে দ্রুত নরমাল ডেলিভারি করানো হলে একটি সন্তান ভূমিষ্ঠ হয়। কিন্তু জন্মের পর বাচ্চার শ্বাসকষ্ট (অক্সিজেন সমস্যা) দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।

এই খবর পেয়ে স্বজনরা উত্তেজিত হয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফিরে আসেন এবং কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলা চালিয়ে মারধর করেন। একই সঙ্গে তারা হাসপাতালের জানালা ও টেবিলের কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

নবজাতকের বাবা বাবু হোসেন ও মা রুমি বেগমের অভিযোগ, চিকিৎসক নিজে রোগীকে ভালোভাবে পরীক্ষা না করে কেবল নার্সকে দিয়ে নরমাল ডেলিভারি করিয়েছেন। প্রসবের পর শিশুর শ্বাস-প্রশ্বাস সচল ছিল। কর্তব্যরত নার্স ইতি মণ্ডল অক্সিজেন সাপোর্টের জন্য রোগীকে সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানান, শিশুটি পথেই মারা গেছে। চিকিৎসকের চরম অবহেলার কারণেই আমাদের সন্তানের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান বলেন, নবজাতকের মৃত্যু এবং এর জেরে চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটন হবে এবং কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় :নাটোর