হবিগঞ্জ/কাজ শেষে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে শেখ জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জায়েদুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মন্দরি গ্রামের সাবেক চেয়ারম্যান শেখ শামসু মিয়ার গোষ্ঠী ও মজিদ খানের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে হাওরে কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন জায়েদুল মিয়া। পথে মজিদ খানের বাড়ির কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জায়েদুলকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


