logo

সাঁওতাল যুবককে পিটিয়ে হত্যা, আসামি এনামুল গ্রেপ্তার

সাঁওতাল যুবককে পিটিয়ে হত্যা, আসামি এনামুল গ্রেপ্তার
গ্রেপ্তার এনামুল হক। ছবি: এসআরবির সৌজন্যে

বগুড়ায় ঝালাই মেশিন চুরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা দাবি ও মারধরের পর রিপন মুর্মু (২৬) নামের এক সাঁওতাল যুবকের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।

এর আগে, রোববার (১১ অক্টোবর) রাতে বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকা থেকে এনামুল হক (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

গ্রেপ্তার এনামুল হক বগুড়া সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে বগুড়া সদর উপজেলার চাঁদপাড়া এলাকায় একটি ঝালাই মেশিন চুরির অভিযোগে রিপন মুর্মুকে মারধর করা হয়। এ সময় তার কাছে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। ওই দিন সন্ধ্যায় ইটভাটায় তার থাকার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। রিপনের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলোয়া বামনপাড়ায়। তিনি প্রায় আট থেকে ১০ বছর ধরে বগুড়া সদর উপজেলার চাঁদপাড়া এলাকায় আক্তার রহমান ডিউকের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি নৈশপ্রহরীর দায়িত্বও পালন করতেন।

এ ঘটনায় শনিবার রাতে রিপনের বাবা মোসেজ মুর্মু বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারে চাঁদপাড়া গ্রামের ঝালাই মেশিনের দোকান মালিক রেজাউল করিম, ইটভাটার ব্যবস্থাপক মামুন, নাঈম হোসেন এবং আব্দুর রশিদের ছেলে আবু তালহা সেলিমের নাম রয়েছে।

কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।