যশোরে চোর সন্দেহে ধাওয়া, খালে পড়ে যুবকের মৃত্যু

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে করিমন চুরির অভিযোগে স্থানীয়দের ধাওয়ার মুখে খালে পড়ে মিজানুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মনিরুজ্জামান নামে একজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ২টার দিকে চান্দুটিয়া গ্রামে করিমন চুরি করে পালানোর অভিযোগে তিনজনকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল খালে পড়ে যান। পরে মিজানুর রহমানের মৃত্যুর খবর পাওয়া যায়। নিখোঁজ বিল্লালের সন্ধান পাওয়া যায়নি।
নিহত মিজানুর রহমান চৌগাছা উপজেলার পাশপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খায়রুল হকের ছেলে। এ ঘটনায় মনিরুজ্জামান নামে একজনকে আটক করা হয়েছে।
সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ পেয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ নজরদারি করছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে নিখোঁজ বিল্লালের সন্ধান এবং ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।