logo
Advertisement

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শিক্ষকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শিক্ষকের মৃত্যু
অধ্যক্ষ আব্দুল মালেক। ছবি : পারিবারিক সূত্র থেকে পাওয়া

কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেকের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের স্বজন হারুনুর রশীদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক নির্মূলে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পক্ষে বক্তব্য দিতে দাঁড়ান অধ্যক্ষ আব্দুল মালেক।

সমাবেশে উপস্থিত সাংবাদিক জাফর জানান, বক্তব্য শুরু করার মাত্র তিন মিনিটের মাথায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ডায়াসের ওপর ঢলে পড়েন অধ্যক্ষ। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ করে মঞ্চে শিক্ষকের এমন মৃত্যুর ঘটনায় সমাবেশস্থলে শোকের ছায়া নেমে আসে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা চিকিৎসক বা পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।