আলুটিলা পর্যটনকেন্দ্রের সড়কের বেহাল দশা, ভোগান্তিতে দর্শনার্থীরা

প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের চূড়ায় সাদা মেঘের মিতালি এবং পাখির চোখে চেঙ্গী নদীর তীর ঘেঁষে খাগড়াছড়ি শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন আলুটিলা পর্যটন কেন্দ্রে। তবে নান্দনিক এই পর্যটন কেন্দ্রের অভ্যন্তরীণ সড়কগুলোর এখন বেহাল দশা।
বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, অন্যদিকে খোদ পর্যটন কেন্দ্রটির ভেতরেই চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন আগত দর্শনার্থীরা। বিশেষ করে আলুটিলার প্রধান আকর্ষণ রহস্যময় গুহার সামনে কংক্রিট উঠে গভীর গর্ত তৈরি হওয়ায় অনেক পর্যটক সেখানে যেতে ভয় পাচ্ছেন। এছাড়া এমপি থিয়েটারের পাশের সড়কসহ পার্কের বিভিন্ন অংশের রাস্তাও জরাজীর্ণ হয়ে পড়েছে।
পর্যটকদের অভিযোগ, এমন অব্যবস্থাপনার কারণে জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ও আকর্ষণ অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে দুর্ঘটনার পাশাপাশি পর্যটকের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা জানান, তিন পার্বত্য জেলার পর্যটন কেন্দ্র জেলা পরিষদের ন্যস্ত বিভাগ। তবে আলুটিলা পর্যটন কেন্দ্রের রাজস্ব জেলা প্রশাসন গ্রহণ করে এবং উন্নয়ন কার্যক্রমও তারাই পরিচালনা করে। এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো সমন্বয় করা হয় না।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, খাগড়াছড়িকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে আমরা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। ধাপে ধাপে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। আমরা ইতোমধ্যে জেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে আলোচনা করেছি।





