চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের দুই নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর-বাদুড়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লক্ষ্মীপুর-বাদুড়তলা এলাকার মো. ভিকুর স্ত্রী মোসা. হাসিনা বেগম (৫০), তার নাতনি লক্ষ্মীপুর হাজিপাড়া এলাকার মো. বাবুর মেয়ে মীম (১৩) এবং রাজশাহীর তানোর উপজেলার কইচামোহনপুর এলাকার মো. এরশাদ আলীর মেয়ে মোসা. আশা (২৮)। আশা সম্পর্কে হাসিনা বেগমের ভাতিজি। মীম ও আশা দুজনই ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হাসিনা বেগম ঘুম থেকে উঠে ছাদে যাওয়ার জন্য বাড়ির ভেতরে রাখা একটি লোহার সিঁড়ি স্পর্শ করেন। সিঁড়িটি আগে থেকেই কোনোভাবে বিদ্যুতায়িত অবস্থায় ছিল। হাসিনা বেগম সেখানে আটকে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন নাতনি মীম ও ভাতিজি আশা। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। মরদেহগুলো বর্তমানে নিহতদের বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.png)





