ঠাকুরগাঁওয়ে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে থেকে উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে থেকে উদ্ধার
মানচিত্রে ঠাকুরগাঁও। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক স্কুলের নিখোঁজ হওয়া চার ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলার সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস।

এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে চার শিক্ষার্থী একসঙ্গে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ কর্মকর্তা স্নেহাশীষ কুমার দাস জানান, বুধবার দুপুরে সিলেটের একটি বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষারত অবস্থায় চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তারা সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল।

তিনি আরও জানান, মঙ্গলবার রাত থেকে পুলিশ তাদের সন্ধানে কাজ শুরু করে। নিখোঁজ হওয়ার পর চার শিক্ষার্থী প্রথমে ঢাকায় যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একটি মানবপাচার চক্রের খপ্পরে পড়েছিল। ওই চক্রটি লোভন দেখিয়ে তাদেরকে ভারতে পাচারের চেষ্টা করছিল বলে আমরা ধারণা করছি।

পুলিশ কর্মকর্তা স্নেহাশীষ কুমার বলেন, উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত মানবপাচার চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।