logo

আমি সেই দিন হব ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী

আমি সেই দিন হব ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমি সেই দিন হব ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত। এ সময় তিনি স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনার প্রত্যয়ও ব্যক্ত করেন। 

রোববার (২২ মার্চ) নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর বিএনপি ও শিবপুরবাসীর পক্ষ থেকে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কিছু সৃষ্টির উদ্ভাবক। তার আস্থার জায়গা থেকে আমাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। সেই আস্থার মর্যাদা রাখতে আমাকে সফল হতে হবে। আপনারা আমাকে ফুল দিয়ে সংবর্ধিত করছেন, এটি আবেগের বহিঃপ্রকাশ। তবে আমার লক্ষ্য একটাই—স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। 

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার প্রভাব এখনও সামাল দিতে হচ্ছে। বর্তমান সরকার ইতোমধ্যে ৩৯ হাজার ফ্যামিলি কার্ড প্রদান করেছে। এ ছাড়া কৃষকদের স্বার্থে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সভাপতিত্বে জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান ও শিবপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আপেল মাহমুদ সুমন মুন্সি অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লবসহ অনেকে।