পঞ্চগড়ে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে নিজ জমিতে পাট কাটার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিনে দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আকাব্বর খান।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দেবীগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





