logo

নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৫ শ্রমিক ঢামেকে

নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৫ শ্রমিক ঢামেকে
নরসিংদীর মাধবদীতে ডাইং মিলে বয়লার বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : এশিয়া পোস্ট

নরসিংদীর মাধবদীতে অবস্থিত ‘কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিল’-এ বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুরুতর দগ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে নরসিংদী সদর থেকে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

দগ্ধদের মধ্যে ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া নামে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেলে মিলটির বয়লার বিকল হয়ে যায়। পরে মিলের মালিক ইকবাল হোসেন তার নিজ টেকনিশিয়ানদের ডেকে এনে তা মেরামতের চেষ্টা করেন। মেরামতকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০ থেকে ১২ জন আহত হন বলে স্থানীয়দের দাবি। আহতদের মধ্যে টেকনিশিয়ান ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া মারাত্মকভাবে দগ্ধ হন।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গুরুতর দগ্ধ পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দগ্ধ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।