logo
Advertisement

কাপ্তাই হ্রদে ডুবল ঝুলন্ত সেতু, বন্ধ পর্যটক চলাচল

এশিয়া পোস্ট নিউজ,রাঙামাটি
কাপ্তাই হ্রদে ডুবল ঝুলন্ত সেতু, বন্ধ পর্যটক চলাচল
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ঝুলন্ত সেতুটিতে পানি উঠতে শুরু করেছে। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়ায় পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুটি তলিয়ে যেতে শুরু করেছে। সেতুটির বেশির ভাগ অংশ পানির নিচে চলে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সেখানে পর্যটকদের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুটিতে প্রবেশ ও চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। এতে হ্রদের ওপর নির্মিত নয়নাভিরাম ঝুলন্ত সেতুটির পাটাতনের বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। বর্তমানে সেতুটির বেশির ভাগ অংশ পানির নিচে থাকায় পর্যটকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের তথ্যমতে, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ১০৫ দশমিক ৫৪ এমএলএম। পাঁচটি ইউনিটে মোট ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বাড়লে ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে তলিয়ে যায়। এবারও পানি বাড়ায় সেতুটি দেখতে আসা দূর-দূরান্তের পর্যটকেরা সেখানে প্রবেশ করতে পারছেন না। ফলে অনেক পর্যটক হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সেতুটিতে পর্যটকদের চলাচল বন্ধ রাখা হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।