Advertisement

বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিচ্ছে মেয়ে

এশিয়া পোস্ট নিউজ, নওগাঁ
বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিচ্ছে মেয়ে
আয়েশা সিদ্দিকা মৌ। ছবি: এশিয়া পোস্ট

বুকের ভেতর বাবার মৃত্যুর চরম শোক, আর ঘরে পড়ে আছে প্রিয়জনের নিথর দেহ—এমন হৃদয়বিদারক পরিস্থিতির মুখে দাঁড়িয়েও জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন আয়েশা সিদ্দিকা মৌ।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান (বায়োলজি) বিষয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে অংশ নেন তিনি।

আয়েশা নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি নজিপুর মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আয়েশার বাবা মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। তবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবারের সদস্যরা আয়েশাকে পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দেন ও সাহস জোগান।

মরহুম মিজানুর রহমান পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার সূত্রে আরও জানা গেছে, বুধবার সকালে পৈতৃক ভিটা মঙ্গলবাড়ি গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বজন হারানোর এমন অপরিসীম কষ্ট চেপে রেখে পরীক্ষাকেন্দ্রে আয়েশার উপস্থিত হওয়ার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের গভীরভাবে স্পর্শ করেছে। শোকে ভেঙে পড়ার দিনেও তার এমন মানসিক শক্তি, ধৈর্যের পরিচয় এবং শিক্ষার প্রতি একাগ্রতা দেখে এলাকায় প্রশংসার ঝড় বইছে। শিক্ষক ও স্থানীয় গুণীজনরা আয়েশার প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তার ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করেছেন।

বিষয় :নওগাঁ