logo
Advertisement

বিএনপি ব্যর্থতার দিকে গেলে দেশের জন্য ক্ষতি: সারজিস আলম

এশিয়া পোস্ট নিউজ,চাঁদপুর
বিএনপি ব্যর্থতার দিকে গেলে দেশের জন্য ক্ষতি: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, বিএনপির সমালোচনা করলে দলটির বন্ধুরা মনে করে এনসিপি তাদের বিরোধিতা করছে। কিন্তু বিএনপি যদি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যায়, তাহলে এর ক্ষতি শুধু দলটির একক হবে না, পুরো দেশের জন্যই মারাত্মক ক্ষতিকর হবে।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে এনসিপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির গঠনমূলক সমালোচনা করা হলে সেটিকে দলটির বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখার কোনো সুযোগ নেই। বরং কোনো রাজনৈতিক দল ভুল পথে পরিচালিত হলে তার সমালোচনা করা প্রয়োজন। কারণ কোনো একটি প্রধান দলের রাজনৈতিক ব্যর্থতার প্রভাব শেষ পর্যন্ত দেশের পুরো রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার ওপর গিয়ে পড়ে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, সংসদে কিংবা সংসদের বাইরে লোকদেখানো বুলি বা বক্তব্যের ওপর নির্ভর না করে বাস্তবে কাজ করে দেখাতে হবে। তিনি যদি সব মন্ত্রণালয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার কার্যকর উদ্যোগ নিতে হবে।

সারজিস আলম আরও বলেন, মন্ত্রীদের নিজ নিজ দপ্তরের সঠিক তথ্য ও প্রতিবেদন সংসদে যথাযথভাবে উপস্থাপন করা উচিত। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল বা অস্পষ্ট তথ্য উপস্থাপন করলে জনগণের কাছে সরকারের জবাবদিহি প্রশ্নবিদ্ধ হয়।

দেশের সমসাময়িক বিভিন্ন ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, একজন শিক্ষককে নির্মমভাবে হত্যা করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। বর্তমানে পুরো বাংলাদেশে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটছে। আমরা আশা করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ এসব ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এবং অপরাধীদের কঠোর বিচার নিশ্চিত করবেন।

ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, মূল হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হলেও সংসদে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে কেবল কথা বলা হচ্ছে। বিষয়টি বাস্তবতার নিরিখে স্পষ্ট নয় এবং এতে একধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি কোনোভাবেই সম্ভব নয়।

তিনি আরও বলেন, সংসদে এবং সংসদের বাইরে আমরা আমাদের গঠনমূলক ভূমিকা রাখার চেষ্টা করছি। এনসিপি ইতোমধ্যে সরকারের ১৮০ দিনের আমলনামা দেশের মানুষের সামনে তুলে ধরেছে। বিএনপির উচিত এতে নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে এসব সমালোচনা থেকে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়া।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাত; যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ও রাজনৈতিক পরিষদ সদস্য আতাউল্লাহ; কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম; যুগ্ম মুখ্য সমন্বয়ক রিফাত রশীদ; চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম এবং সদস্য সচিব মো. আমানুল্লাহ পাটোয়ারীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় :