নাটোরে গুদামের তালা কেটে ১৫০ বস্তা চাল চুরি

নাটোর শহরতলীর ভাটোদ্বারা এলাকার শাহীন রাইস মিলের গুদামের সাটারের তালা কেটে ১৫০ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার সকালে খবর পায় পুলিশ।
গুদামটির মালিক শাহীন ভুইয়া জানান, গুদামের পাশের একটি ঘরে কয়েকজন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। অন্যরা কাজ শেষ করে বাড়ি চলে যান। মধ্যরাতে চোরচক্র শ্রমিকদের থাকার ঘরে বাইরে থেকে তালা আটকে দেয়। পরে তারা গুদামের সাটারের তালা কেটে ১৫০ বস্তা চাল নিয়ে চলে যায়।
তিনি আরও জানান, সকালে অন্য শ্রমিকরা গিয়ে গুদামের সাটারের তালা কাটা দেখে সবাইকে সংবাদ দেয়। তারা গুদামে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজে চাল চুরির ঘটনাটি দেখে এবং পুলিশকে খবর দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলামত সংগ্রহ করা করেছে। চোরচক্রকে ধরতে অভিযান চলছে।



