ইন্টারনেট সংযোগ না দিয়ে টাকা আত্মসাতের প্রতিবাদে গ্রাহককে হাতুড়িপেটা

চট্টগ্রামের চকবাজার এলাকায় ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’ নামক একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর এবং ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় এবার পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘটেছে বিপরীত এক ঘটনা।
ইন্টারনেটের সংযোগ দেওয়ার কথা বলে টাকা নিয়ে সংযোগ না দেওয়ার প্রতিবাদ করায় ইয়াহিয়া ওরফে আল আমিন (২৮) নামে এক গ্রাহককে হাতুড়িপেটা করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে এক ইন্টারনেট ব্যবসায়ীর বিরুদ্ধে।
এ ঘটনায় আহত আল আমিনের স্ত্রী লিমা আক্তার বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার সমবায় মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

মামলার প্রধান আসামি করা হয়েছে মঠবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সবুজনগর গ্রামের মোস্তফা সরদারের ছেলে ও ইন্টারনেট ব্যবসায়ী মিজান সরদারকে (২৩)। অন্যান্য আসামিরা হলেন একই গ্রামের জুয়েল (২৪), সাগর (২২), জুয়েল (২০) ও মামুন (৩৫)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজান সরদার পৌর শহরের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগের ব্যবসা করেন। কিছুদিন আগে তিনি আল আমিনের বাড়িতে সংযোগ দেওয়ার কথা বলে ৪ হাজার টাকা নেন। তবে দীর্ঘদিন পার হলেও সংযোগ না দেওয়ায় আল আমিন কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে মিজান আল আমিনকে দেখে নেওয়ার হুমকি দেন।
এরই জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সমবায় মার্কেটের একটি দোকানের সামনে আল আমিনকে একা পেয়ে মিজান ও তার সহযোগীরা হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বজনদের অভিযোগ, হামলার সময় আল আমিনের মোবাইল ফোন ও পকেটে থাকা সাড়ে চার হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান আসামি মিজান সরদার এশিয়া পোস্টকে বলেন, আল আমিন স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছিল। কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হলে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়।
নিজেকে ছাত্রদলের জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে মিজান আরও বলেন, আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা ন্যক্কারজনক। বিষয়টি আমি কেন্দ্রীয় কমিটিকে জানাব।
মামলার বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম এশিয়া পোস্টকে জানান, ভুক্তভোগীর স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে হত্যাচেষ্টা মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই ডিডিএন অফিসে হামলার ঘটনায় ১৮ জুলাই চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার অন্যতম পরিকল্পনাকারী ও সংগঠক মাইকেলসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করে র্যাব-৭।
