বিএনপি কখনও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না: মীর সরফত আলী সপু

বিএনপি কখনও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়ীখাল ইউনিয়নের দামলা মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, আপনারা দেখেছেন, তিন দিন আগে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একজন সংসদ সদস্যকে পদত্যাগ করানো হয়েছে। বিএনপির নেতাকর্মীদের জন্য এটি একটি বড় বার্তা—দলে থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি করা যাবে না। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা নেয়।
তিনি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের কঠোর অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, রাড়ীখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএল লস্কর, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।