একই মহল্লার আলাদা বাড়ি থেকে দুই বন্ধুর মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে একই মহল্লার দুই বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) ও বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের বন্ধু।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসান্না গালিব মিমের বাবা-মা অন্য জায়গায় ছিলেন। গালিব বাড়িতে একাই থাকতেন। রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে গালিবের ঝুলন্ত লাশ দেখতে পায়।
লাশে পচন ধরে যাওয়ায় কয়েক দিন আগে গালিব ‘আত্মহত্যা করেছেন’ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অন্যদিকে শরিফের বাড়িতে গিয়ে তার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ পায় পুলিশ। ওই বাড়িতে শরিফের অসুস্থ মাও থাকেন। তবে তিনি কিছু টের পাননি বলে পুলিশকে জানিয়েছেন। পুলিশের ধারণা, ২৪ ঘণ্টার মধ্যেই শরিফ আত্মহত্যা করেছেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। দুজনেই মাদকাসক্ত বলে ধারণা পাওয়া গেছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।