চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, প্রাণনাশের হুমকি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার এখলাসপুর ইউনিয়ন এ ঘটনা ঘটে। এ সময় পলিথিনে মোড়ানো দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম পাঠিয়ে চিরকুটে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা।
মফিজুল ইসলাম মুন্না ঢালী এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান জানান, সোমবার রাত ১১টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান তিনি। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়। প্রশাসন ঘটনাস্থলে এসে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
এ বিষয়ে সহকারী উপপরিদর্শক মনিরুজ্জামান মনির এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থলে গিয়ে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।