গ্রেপ্তার স্বজনদের বাড়িতে আগুন দিল ক্ষুব্ধ এলাকাবাসী

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার স্বজনদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার খুনের ঘটনায় জড়িত সন্দেহে নিহত হাবিবুর রহমানের ভগ্নিপতি আবদুস সামাদ ও তার ছেলে সবুজ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। সকালে তারা বাহাদুরপুর গ্রামে আবদুস সামাদের বাড়িতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। আগুনে বাড়িটির আসবাবপত্রসহ বেশ কিছু অংশ পুড়ে যায়।
খবর পেয়ে নিয়ামতপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।
গত সোমবার (২০ এপ্রিল) রাতে বাহাদুরপুর গ্রামে হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিয়ামতপুর থানায় হত্যা মামলা করেন।
মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হলেও পুলিশ ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও বাকি আসামিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।