logo

বেগমগঞ্জে ফের এলোপাতাড়ি গুলি, শিবির কর্মীসহ গুলিবিদ্ধ ৩

বেগমগঞ্জে ফের এলোপাতাড়ি গুলি, শিবির কর্মীসহ গুলিবিদ্ধ ৩
ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে শিবির কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—বারইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), আলাউদ্দিন হাজী বাড়ির কফিল শিপনের ছেলে মো. নাদিম (১৭) এবং মো. হোসেনের ছেলে মো. সাহের। এরমধ্যে সাকিবুল হাসান শিবির কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।

Advertisement

এর আগে গত সোমবার একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানান, নাদিম, সাকিব ও সাহের মোটরসাইকেলে করে বাংলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা মুখোশধারী কয়েকজন ব্যক্তি তাদের মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর বাংলা বাজার এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাত ১টার পর বেগমগঞ্জ থেকে গুলিবিদ্ধ দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে দুজনের অবস্থা স্থিতিশীল।

বেগমগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের কার্যনির্বাহী সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, সাকিবুল হাসান আমাদের কর্মী। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা দরকার। প্রশাসন যেন নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, দুজনের শরীরে গুলি সামান্য লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।