‘কাঠের বাটাম’ দিয়ে মায়ের প্রেমিককে হত্যা করেন ছেলে

কক্সবাজার সদর উপজেলায় মায়ের প্রেমিককে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া পাতাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল হোসাইন ওরফে রবি (২৬) একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। নিহত মোহাম্মদ আজিম কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে রবিউলের মা রেহেনা বেগম স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। পরবর্তী সময়ে তিনি মোহাম্মদ আজিমের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ে না হলেও স্বামী-স্ত্রীর মতো বসবাস করছিলেন। পুলিশ জানায়, রবিউলও বিষয়টি মেনে নিয়েছিল এবং আজিমের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ছিল। গত ২ এপ্রিল দুপুরে আজিমের বাড়ির সামনে এনজিও থেকে নেওয়া কিস্তির টাকা নিয়ে রবিউল ও আজিমের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল কাঠের একটি বাটাম দিয়ে আজিমের মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন আজিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিলংজা এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটামটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।