logo
Advertisement

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নারায়ণগঞ্জ
ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার প্রধান আসামি নয়ন। ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের সময় মো. টুটুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নয়নকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

Advertisement

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মিরপুর থানাধীন দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নয়ন বন্দর থানার আলীনগর এলাকার খোকা মিয়ার ছেলে। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ জুন সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বন্দরের আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে টুটুলকে নয়ন ও তার সহযোগীরা অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি মারধরের পর বুকের মাঝখানে চাকু দিয়ে সজোরে আঘাত করা হয়। পরে তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় টুটুলকে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ (সিপিসি-১) ও র‌্যাব-২-এর একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকার মিরপুর থানাধীন দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকা থেকে মামলার প্রধান আসামি নয়নকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর নয়নকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।