সরকারি ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস এমপির

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট ও ইটের খোয়া দিয়ে ভবনের বিভিন্ন অংশের কাজ করার অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ছাড়া ভবনের সামনে থাকা একটি বড় মেহগনি গাছ নিয়মবহির্ভূতভাবে কেটে সরিয়ে ফেলার অভিযোগও উঠেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন দ্বিতল ভবনটির জলছাদ ঢালাইয়ের জন্য নির্মাণসাইটে নিম্নমানের ইটের খোয়া রাখা হয়েছে। পাশাপাশি ভবনের চারপাশের গাঁথুনি ও ড্রেন নির্মাণকাজেও নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করতে দেখা যায় শ্রমিকদের। এতে ভবনটির নির্মাণমান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
কোরীয় অর্থায়নে নির্মিত এ ভবনের কাজ নিয়ে অনিয়মের অভিযোগের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নির্মাণকাজ পরিদর্শনে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। এ সময় তিনি নির্মাণকাজে অনিয়মের অভিযোগের সত্যতা পান বলে জানান। পরে সংশ্লিষ্টদের নির্ধারিত শিডিউল ও নির্মাণবিধি অনুসরণ করে কাজ করার নির্দেশ দেন তিনি।
ভবন নির্মাণকাজের দায়িত্বে থাকা কনস্ট্রাকশন ম্যানেজার শিপন মল্লিক বলেন, নিয়ম অনুযায়ীই কাজ হওয়ার কথা। কোথাও নিয়মের ব্যত্যয় ঘটে থাকলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। আশা করছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, নির্মাণকাজের দায়িত্বশীলদের অনিয়মের বিষয়টি জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

