সাতক্ষীরায় মাদকসহ গ্রেপ্তার ১, মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড

সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বিপুল মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ইয়াবা বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাতক্ষীরা সদর থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের মুনজিতপুর এলাকা থেকে ইসমাইল হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শহিদুলের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২৫ বোতল ‘উইনসেরেক্স’ নামের মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
অন্যদিকে, পৃথক এক অভিযানে দক্ষিণ পলাশপোল এলাকা থেকে মো. সুলতান আহমেদ (১৯) নামের এক তরুণকে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
অভিযান দুটিতে প্রসিকিউশন দাখিল ও সদর থানায় এজাহার দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রুহুল আমিন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ এশিয়া পোস্টকে জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



