রোহিঙ্গা ক্যাম্পে আইওএম’র গাড়ির ধাক্কায় শিশু নিহত

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মীদের ব্যবহৃত মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উখিয়া উপজেলার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু ওয়াইদান উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৪ ব্লকের বাসিন্দা মৌলভী মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
জানা গেছে, গাড়ির ধাক্কায় শিশুটি আহত হলে স্থানীয়রা আশ্রয় শিবির-সংলগ্ন ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রোহিঙ্গারা ঘটনাস্থলে জড়ো হয়ে আইওএমের গাড়িটি ভাঙচুর চালিয়ে সড়ক অবরোধ করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে এপিবিএন এবং উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুর্ঘটনার পর চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পলাতক চালককে আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।