রাজবাড়ীতে তেলের লাইনে সিরিয়াল ভাঙা নিয়ে সংঘর্ষ

রাজবাড়ীর কালুখালীতে জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোহনপুর এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জ্বালানি তেলের সংকটের কারণে ওই ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় কয়েকজন সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে অপেক্ষমাণ অন্যদের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারিতে রূপ নেয়। এতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য তেল সরবরাহ কার্যক্রম বন্ধ থাকে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, সিরিয়াল নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এক ব্যক্তি চাবির রিং দিয়ে আরেকজনকে আঘাত করলে তিনি সামান্য আহত হন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের মধ্যে একটি পক্ষ ফিলিং স্টেশনের মালিকের আত্মীয়। পরে পাম্প কর্তৃপক্ষের উদ্যোগে উভয়পক্ষের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।