logo
Advertisement

মৌলভীবাজারে এসপিসহ ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, পুলিশের সতর্কতা

মৌলভীবাজারে এসপিসহ ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, পুলিশের সতর্কতা
পুলিশের লোগো। ছবি : এশিয়া পোস্ট

মৌলভীবাজারের জেলা পুলিশ সুপার (এসপি) ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাঁদা দাবি করছে একটি চতুর প্রতারক চক্র।

সম্প্রতি জেলার একাধিক ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ‘পুলিশ বক্স’ স্থাপনে সহায়তার অজুহাতে অর্থ চেয়ে বার্তা পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, চক্রটিকে শনাক্ত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। একই সঙ্গে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

জেলা পুলিশের নির্দেশনায় বলা হয়, পুলিশ বা প্রশাসনের যে কোনো কর্মকর্তার পরিচয়ে হোয়াটসঅ্যাপ, ফোন বা সামাজিকমাধ্যমে কেউ অর্থ কিংবা চাঁদা দাবি করলে কোনোভাবেই টাকা দেওয়া যাবে না। এ ধরনের কোনো বার্তা বা কল পেলে দ্রুত সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কিংবা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রেরকের পরিচয় যাচাই করতে হবে।

প্রতারণার চেষ্টা করা হলে বা বার্তা পেলে দ্রুত সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট, ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে। এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইতোমধ্যেই প্রতারণার শিকার হয়ে থাকলে বা এমন বার্তা পেলে অবিলম্বে নিকটস্থ থানায় যোগাযোগ করে অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।

ভুল বার্তায় বিভ্রান্ত না হয়ে যেকোনো আর্থিক লেনদেনের পূর্বে সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।