মসজিদে দলীয় সভা নিয়ে ব্যাখ্যা দিলেন জামায়াতের উপজেলা আমীর

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
মসজিদে দলীয় সভা নিয়ে ব্যাখ্যা দিলেন জামায়াতের উপজেলা আমীর
মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই দলীয় সভা হয়। ছবি: সংগৃহীত

‘মসজিদে চেয়ার টেবিল বসিয়ে সভা করে দলীয় প্রার্থী ঘোষণা জামায়াতের’ এমন শিরোনামে সংবাদ প্রকাশের পরে এবিষয়ে ব্যাখা দিয়েছে দলটির মিঠাপুকুর উপজেলা আমীর আসাদুজ্জামান শিমুল।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর নিজের ফেসবুক আইডিতে এবিষয়ে ব্যাখ্যা দিয়ে পোস্ট দিয়েছেন জামায়াতের উপজেলা আমীর আসাদুজ্জামান শিমুল।

ফেসবুক পোস্টে আসাদুজ্জামান শিমুল বলেন, ১৭ নং ইমাদপুর ইউনিয়নের একটি মসজিদে আয়োজিত অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমাদের প্রিয় রাসুল (সা.) ইসলামের বহু গুরুত্বপূর্ণ কার্যক্রম মসজিদকেন্দ্রিক পরিচালনা করেছেন। তার উম্মত হিসেবে আমরাও বিশ্বাস করি, কুরআন আমাদের সংবিধান, রাসুল (সা.) আমাদের নেতা এবং মসজিদ আমাদের ঐক্য, শিক্ষা ও পরামর্শের অন্যতম কেন্দ্র।

তিনি আরও বলেন, তারপরও যেহেতু অনেকের কাছে অনুষ্ঠানের কিছু দিক দৃষ্টিকটু মনে হয়েছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে ফায়দা হাসিলেরও চেষ্টা করা হচ্ছে। তাই ভবিষ্যতে মসজিদে এ ধরনের সভা বা বৈঠকের ক্ষেত্রে আমরা আরও সতর্ক থাকব, ইনশাআল্লাহ। গঠনমূলক পরামর্শ ও আন্তরিক সমালোচনাকে আমরা ইতিবাচকভাবে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দান করুন। আমিন।

গত ২৩ জুন মাগরিবের নামাজের পর মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার টেবিল প্রবেশ করিয়ে দলীয় সভা করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় দলীয় সভা থেকে মনোহর বাদশাকে ইমাদপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুজ্জামান শিমুল। মসজিদে চেয়ার টেবিল বসিয়ে সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা।