Advertisement

হাসপাতালে না গিয়ে ঝাড়ফুঁক, মারা গেলেন সাপে কাটা রেজাউল

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
হাসপাতালে না গিয়ে ঝাড়ফুঁক, মারা গেলেন সাপে কাটা রেজাউল
মানচিত্রে পাবনা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

‎পাবনার সাঁথিয়া উপজেলায় বিষধর সাপের কামড়ে রেজাউল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা না নিয়ে স্থানীয় কবিরাজের ঝাড়ফুঁকের ওপর নির্ভর করায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার নওয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রেজাউল মোল্লা একটি জলাশয়ের কাদায় কাজ করতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তিনি বাড়িতে ফিরে স্থানীয় এক কবিরাজের কাছে ঝাড়ফুঁক করান। রাতে তিনি বাড়িতেই ঘুমিয়ে পড়েন।

‎রাত গভীর হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অস্থিরতা শুরু হয়। পরিবারের সদস্যরা সকালে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বললেও তিনি আবার ঘুমিয়ে পড়েন। পরে সকাল ৮টার দিকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

‎সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, সাপাকাটা রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা উচিত। আমদের হাসপাতালে অ্যান্টিভেনম রয়েছে। কবিরাজের কাছে ঝাড়ফুঁক করানো কোনোভাবে ঠিক নয়।