logo

চাঁপাইনবাবগঞ্জে ইমামকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে ইমামকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীনকে মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর কাঁঠাল মোড়ে এ ঘটনা ঘটে।

মাওলানা জয়নাল আবেদীন উপজেলার রহনপুর বেগুনবাড়ি এলাকার বাসিন্দা। তিনি পৌর এলাকার প্রসাদপুর ভাটাপাড়া জামে মসজিদে ইমাম। ওই মসজিদের মক্তবে শিশু-কিশোরদের পড়ান তিনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, মক্তবের দুই শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে স্থানীয় কিছু লোক তাকে সমাধানের কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। 

যে ‘দুই শিক্ষার্থীকে শ্লীলতাহানি করা হয়েছে’ বলে অভিযোগ তোলা হয়েছে, এদের একজনের বাবা বিষয়টিকে ‘সাজানো’ বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার মেয়ের কোনো শ্লীলতাহানি হয়নি। পড়া না পারলে হুজুর শাসন করেন, এটুকুই ঘটনা। কিন্তু ফেসবুকে আমার মেয়েকে ধর্ষণের শিকার বলা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও অতিরঞ্জিত। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্ত ইমাম মাওলানা জয়নাল আবেদীনের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনা সম্পূর্ণ সাজানো বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর মসজিদে দোয়া করতে বলা হলে আমি নিয়ম অনুযায়ী দোয়া করি। এতে কেউ কেউ অসন্তুষ্ট হন। সেই ক্ষোভ থেকেই আমাকে হেয় করতে এ ঘটনা সাজানো হয়েছে। আমাকে মারধর করা হয়েছে, এমনকি আমার স্ত্রী ও শিশু সন্তানকেও আঘাত করা হয়েছে। আমি এর প্রতিকার চাই।’

এ বিষয়ে গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীক বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।