logo
Advertisement

টাঙ্গাইলে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ, সড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ,টাঙ্গাইল
টাঙ্গাইলে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ, সড়ক অবরোধ
বিক্ষোভকারীরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কলেজ মোড়ে অবস্থান নেন। ছবি : এশিয়া পোস্ট

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল সরকারি ওষুধভর্তি পিকআপ আটকের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে থানা ও হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। একইসঙ্গে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রয়োজনীয় সরকারি ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল বের করেন স্থানীয়রা। মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘাটাইল থানার সামনে গিয়ে ঘেরাও কর্মসূচিতে পরিণত হয়।

পরে বিক্ষোভকারীরা সেখান থেকে মিছিল নিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড়ে অবস্থান নেন। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের প্রয়োজনীয় সরকারি ওষুধ নিয়মিত দেওয়া হচ্ছে না। ফলে অনেক রোগী হাসপাতাল থেকে ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন। এর মধ্যে হাসপাতাল থেকে পিকআপভর্তি সরকারি ওষুধ অন্যত্র নেওয়ার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, রোগীদের জন্য বরাদ্দ সরকারি ওষুধ কোথায় যাচ্ছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে বের করতে হবে। তারা ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে রাকিব নামের এক আন্দোলনকারী অভিযোগ করেন, ওষুধসংক্রান্ত ঘটনা ধামাচাপা দিতে মূল অভিযুক্তদের ধরাছোঁয়ার বাইরে রেখে একজন নিরপরাধ পিকআপচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি পিকআপচালকের মুক্তির দাবি জানান।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাজমা খাতুন বলেন, হাসপাতাল থেকে দু-একটি ওষুধ দেওয়া হলেও প্রয়োজনীয় বাকি ওষুধগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে।

বিক্ষোভকারীরা সরকারি ওষুধের অনিয়মের সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।