প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ২ ডিসেম্বর, উদ্বোধন করবেন জি কে প্রকল্প ও তিন কার্ডের সুবিধা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে আগামী ২ ডিসেম্বর দুটি কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দের জি কে সেচ প্রকল্পের খাল ও পাম্প সংস্কারকাজের উদ্বোধন এবং কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন। এ সফর ঘিরে লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করছে জেলা বিএনপি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
তিনি বলেন, প্রথম কর্মসূচিতে চৌড়হাসের ঈদগাহ ময়দানসংলগ্ন জি কে খালের সংস্কারকাজ উদ্বোধন শেষে সমবেত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় ও প্রধান কর্মসূচিতে কুষ্টিয়া স্টেডিয়ামে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে দেশের ৬৪টি উপজেলায় অনলাইনে এসব কর্মসূচি উদ্বোধন করা হবে। স্টেডিয়ামে উপস্থিত প্রায় এক হাজার সুবিধাভোগীর মধ্য থেকে পাঁচজন করে প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড ও সম্মাননা নেবেন।
জাকির হোসেন সরকার আরও জানান, সমাজকল্যাণমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সরকারি কর্মসূচিতে কুষ্টিয়ার তিনটি আসনের বিরোধী দলের সংসদ সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে। সফর সফল করতে দলের ১১টি ইউনিটসহ অঙ্গসংগঠনগুলোর প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চলছে। পাশাপাশি এসএসএফসহ সরকারি সংস্থাগুলো নিরাপত্তার দায়িত্বে থাকবে।
জেলার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর কাছে একাধিক প্রস্তাব তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কুষ্টিয়া চিনিকল, মোহিনী মিল এবং কুমারখালীর তাঁত বোর্ডের ফ্যাসিলিটিজ অ্যান্ড সার্ভিসেস সেন্টার চালুর অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে বিটিএমসির লিকুইডেশন সেলে থাকা মোহিনী মিল ফিরিয়ে এনে পিপিপির মাধ্যমে চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া শহরের যানজট নিরসনে এনএস রোডের ওপর দিয়ে রেললাইন এলিভেটেড করা এবং কুষ্টিয়ায় একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এসব প্রস্তাব ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি তসলিম উদ্দিন নিশাতসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


