গোপালগঞ্জে আট ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জের আটটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের অভিযোগে জিসান নামের একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ককটেল বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন। তিনি বলেন, গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ড্রোন মনিটরিং এবং ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্ক অবস্থায় যৌথবাহিনী রয়েছে। ইতোমধ্যে একজন ককটেল নিক্ষেপকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে যৌথবাহিনীর অভিযান চলছে।
জানা যায়, প্রথমে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয় সদর উপজেলার গোপালগঞ্জ ঘোনাপাড়া সড়কের নীলার মাঠ এলাকায়, এর কিছুক্ষণ পরই শহরের পাবলিক হল সড়কে, মাঝিগাতী বাজার রোড় সড়কে, বেদগ্রাম রঘুনাথপুর সড়কে, গোপালগঞ্জ মানিকদহ সড়কে, গোপালগঞ্জ ঘোষের চর সড়কের একটি বাগানে, ঢাকা-খুলনা মহাসড়কের মান্দার তলা এলাকায় ও টুঙ্গিপাড়ার গুয়াধানা-সিলনাবাজার সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। যৌথবাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে।