logo

পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক দুর্নীতির মামলায় কারাগারে

পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক দুর্নীতির মামলায় কারাগারে

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা ছয়টি মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠান পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জান। 

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মলয় কুমার দাস।

অভিযুক্ত ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস যশোরের মনিরামপুর থানার কুলটিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পাবনার দিলালপুরের স্টার অ্যাপার্টমেন্টের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, তন্ময় প্রকাশ ঠিকাদার ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পণ্যসামগ্রীর মূল্য প্রকৃত বাজারমূল্যের চেয়ে বেশি দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে তদন্তের পর ২০২২ সালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) শহীদুল আলম সরকার বাদী হয়ে ছয়টি মামলা করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন দুদকের পাবনার পিপি অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়। আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাদ ইকবাল লিটন ও আলী রেজা পারভেজ। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।