লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৫ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে ১৩টি মামলায় ২৯ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে ফাইতং এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের নেতৃত্বে একটি মামলা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় মামলাটি করা হয়। এতে এক আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. সারোয়ার হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলা করা হয়। এসব মামলায় ১২ জন আসামিকে ২৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, ফাইতং এলাকায় পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত পৃথক দুটি অভিযানে মোট ১৩ জন আসামির কাছ থেকে ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
