Advertisement

দুর্গাপুরে বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
দুর্গাপুরে বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’
ছবি : এশিয়া পোস্ট

বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে নেত্রকোনার দুর্গাপুরে সংকল্পবদ্ধ অবস্থান নিয়ে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। ‘বাল্যবিয়ে নয়, মাদক নয়’—এমন প্রত্যয় নিয়ে কর্মসূচিতে অংশ নেয় দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

Advertisement

সোমবার (১০ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ‘এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সংগঠনটির সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে শুধু একজন কিশোরীর শিক্ষাজীবনই থামিয়ে দেয় না, বরং তার শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। একইভাবে মাদক একজন তরুণ বা যুবকের জীবনকে ধ্বংস করার পাশাপাশি পরিবার ও সমাজে নানা ধরনের সংকট সৃষ্টি করে।

বক্তারা শিক্ষার্থীদের এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকে সচেতন করতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তরুণ প্রজন্মের সম্মিলিত প্রতিরোধই সমাজ থেকে বাল্যবিয়ে ও মাদকের বিস্তার রোধ করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে একবাক্যে শপথ নেন শিক্ষার্থীরা। পরে তারা সবাই মিলে লাল কার্ড প্রদর্শন করে বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।

কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।