logo

কেরানীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কেরানীগঞ্জ
কেরানীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের
ছবি : এশিয়া পোস্ট

ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিম (১৫) ও রাজন (১৪) নামে আপন দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১৩ মে) ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের তেঘরিয়া যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম ও রাজন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকার ইদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে চার বন্ধু একটি অটোরিকশা নিয়ে হাসনাবাদের দিকে চা খেতে যাচ্ছিলেন। পথে তেঘরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। আহত হন অটোরিকশায় থাকা আরও দুইজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।