ফেনীতে কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল এনজিও কর্মকর্তার

ফেনীতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এনজিও ‘ব্যুরো বাংলাদেশ’-এর সোনাগাজী উপজেলার করামতিয়া শাখা ব্যবস্থাপক আব্দুর রউফ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সংস্থাটির শাখা হিসাবরক্ষক মোহাম্মদ আক্তারুজ্জামান আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ফেনী সদর থানাধীন লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে 'ঠিকানা কাবাব অ্যান্ড পার্টি সেন্টার'-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রউফ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কুমরাকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি ব্যুরো বাংলাদেশ-এর সোনাগাজীর করামতিয়া শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
আহত হিসাবরক্ষক মোহাম্মদ আক্তারুজ্জামান রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভা এলাকার মুসলিম ব্লকের শহীদুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রউফ ও আক্তারুজ্জামান মোটরসাইকেলযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে যাচ্ছিলেন। একই লেনে পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে দুজন মহাসড়কের ওপর ছিটকে পড়েন এবং কাভার্ডভ্যানের পেছনের চাকা মোটরসাইকেলের চালক আব্দুর রউফের কোমরের ওপর দিয়ে উঠে যায়। দুজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল মোহসেন সুজন জানান, হাসপাতালে আনার পর আব্দুর রউফ মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দুর্ঘটনার শিকার কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


